ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের উদ্দেশ্য পূরণ করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, তামাক আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর। ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে বিপুল মুনাফা করছে। তামাক নিয়ন্ত্রণ করা গেলে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের যে ৭১ শতাংশ খরচ বহন করতে হয়, তা অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যানসারের মতো অসংক্রামক রোগই চিকিৎসা খরচ বাড়ার মূল কারণ। উচ্চ রক্তচাপ শুধু চিকিৎসক বা সরকারের সমস্যা নয়, এটি সবার সমস্যা। এর কারণ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া জরুরি, তবে আমরা এখনো সে পথে যথেষ্ট অগ্রসর হইনি।
জনগণের সচেতনতার গুরুত্ব তুলে ধরে নুরজাহান বেগম বলেন, চিকিৎসা দেওয়া সরকারের দায়িত্ব হলেও প্রতিরোধের জন্য জনগণকেও ভূমিকা রাখতে হবে। তিনি আহ্বান জানান— সবাই সচেতন হলে এসব রোগ মোকাবিলা সহজ হবে এবং ভোগান্তি কমবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব রয়েছে জনসচেতনতা বাড়ানো এবং রোগ বিস্তার রোধে সহযোগিতা করা।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।