শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়। এটি বাংলাদেশের মানুষের অর্জন। জুলাইয়ে এত মানুষ জীবন দিয়েছে, তাদের লক্ষ্য ছিল এই দেশের পরিবর্তন। সেই আত্মত্যাগের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।”
বিচার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হবে। তবে সেই বিচার হবে এ দেশের আইন অনুযায়ী। স্বৈরাচার যেমন বিচারের নামে অবিচার করেছে, আমরা যেন সেই ভুল না করি। প্রয়োজন হলে বিচার করতে সময় লাগুক, কিন্তু তা যেন আইনের মধ্য দিয়েই হয় এবং মানুষ সেই বিচারের ওপর আস্থা রাখতে পারে।”
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ তার ন্যায্য অধিকার ও সম্মান পাবে। এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সব নাগরিক নিজেদের নিরাপদ মনে করবে।”
জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জাতিকে বিভক্ত রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, তাদের সবাইকে দেশকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখতে হবে।”
বক্তব্যের একপর্যায়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “যদি আমি আমার মাকে জিজ্ঞেস করতে পারতাম, ১৭ বছর ধরে আপনার ওপর যে অন্যায়, জুলুম ও মানসিক নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব কি না—আমি জানি, তিনি বলতেন প্রতিহিংসা নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। একই প্রশ্ন যদি আমার ভাইকে করতাম, সেও একই উত্তর দিত।”
তিনি আরও বলেন, “১৭ বছর আগে যাদের সহকর্মী হিসেবে পাশে পেয়েছিলাম, তাদের অনেককে আজ হারিয়েছি। কেউ কেউ অঙ্গহানি হয়েছেন। তাদের শারীরিক কষ্ট ও পরিবারের মানসিক যন্ত্রণা আমিও অনুভব করি। তারপরও আমাদের লক্ষ্য প্রতিশোধ নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে সামনে এগিয়ে নেওয়া।”