বৃহস্পতিবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় এ কমিটির ঘোষণা আসে। অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন প্রতিষ্ঠানের সম্পাদকীয় পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ড. আবদুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে রয়েছেন ডিবিসি নিউজের লোটন একরাম, একাত্তর টিভির শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মোস্তফা আকমল, চ্যানেল নাইনের মো. ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির গাউসুল আজম বিপু ও দেশ টিভির মহি উদ্দিন।
সভায় বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকদের জন্য শক্তিশালী সম্পাদকীয় প্ল্যাটফর্ম তৈরি এখন সময়ের প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নতুন এই কাউন্সিল সাংবাদিকতার মান উন্নয়ন, পেশাগত অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে প্রশিক্ষণ, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধেও কার্যক্রম নেওয়া হবে। একই সঙ্গে দ্রুত পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা হবে। রাজধানীর বনানীতে কাউন্সিলটির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে।