মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল, মানববন্ধন ও স্লোগান কর্মসূচি পালন করেন। একই সময়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকাতেও শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি নয়’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় না নিয়েই পরীক্ষার আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থীকে চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। কোথাও পানি ও কাদা পেরিয়ে, আবার কোথাও নৌকায় করে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া তাদের জন্য মানসিক ও শারীরিকভাবে কঠিন হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের দাবি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। তবে তাদের এই দাবি গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তারা।
এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল ও প্রশ্নের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, প্রশ্ন কঠিন হওয়া নিয়ে আপত্তি নেই, তবে শিক্ষার্থীদের প্রস্তুতি ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্যায়ন ব্যবস্থা নির্ধারণ করা প্রয়োজন।
আন্দোলনকারীরা জানান, তারা আট দফা দাবি নিয়ে আন্দোলন করছেন। এসব দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা, পরীক্ষা ব্যবস্থাপনায় পরীক্ষামূলক পরিবর্তন বন্ধ করা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা।