বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধানদের নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রস্তুত।
প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।”
এ ছাড়া, বৈঠকে তিন বাহিনীর প্রধান আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।