বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে দলের উদ্বেগ তুলে ধরা হয়।
হামিদুর রহমান বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে সরাসরি গুলি করে মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না এবং সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
পুশইন প্রসঙ্গে তিনি জানান, গত তিন মাসে সীমান্ত এলাকায় অর্ধশতাধিক পুশইনের ঘটনা এবং দেড় হাজারের বেশি প্রচেষ্টার তথ্য পাওয়া গেছে। তবে বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে বড় ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, গত তিন মাসে দেশে ৫১ হাজারের বেশি ফৌজদারি মামলা হয়েছে। রাজনৈতিক সহিংসতায় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রমের সমালোচনা করে হামিদুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বা অধিকার নিশ্চিতের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তার অভিযোগ, সরকার ধীরে ধীরে পুরোনো কর্তৃত্ববাদী ধারার দিকেই এগোচ্ছে।