১৩ ফেব্রুয়ারি প্রাথমিক ফল প্রকাশ করে নির্বাচন কমিশন জানায়, বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট এগিয়ে আছে। তবে নতুন করে প্রকাশিত সংশোধিত গেজেটে দেখা গেছে, আগের হিসাবে থাকা প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি ‘হ্যাঁ’ ভোট বাদ দেওয়া হয়েছে।
বুধবার কমিশন সচিবালয়ের জারি করা অতিরিক্ত গেজেটে এ সংশোধন প্রকাশ পায়। এতে জানানো হয়, আগের গেজেটে ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০। সংশোধনের পর এই সংখ্যা কমেছে, যদিও কমিশন সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি।
প্রথম ঘোষণায় ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। সংশোধিত হিসাবে তা দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। অর্থাৎ ‘না’ ভোটও কিছুটা কমেছে।
আগের হিসাবে মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি, যার মধ্যে বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সংশোধিত তথ্যে মোট ভোট কমে হয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ এবং বাতিল ভোট বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬।
সব মিলিয়ে বৈধ ভোটের সংখ্যাও কমেছে। আগের তুলনায় মোট ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি। বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি।
নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের আদেশেই এ সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। এই গণভোটের ফলের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।