সোমবার (২৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আরাঘচি ইতোমধ্যে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন।
আলজাজিরার বরাতে ইরনা আরও জানায়, এই সফরে একটি বিশেষ বিষয় ছিল তার ব্যবহৃত বিমানের কলসাইন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিশুদের স্মরণে বিমানটির কলসাইন রাখা হয়েছে ‘মিনাব ১৬৮’।
এদিকে আরাঘচির এই সফর চলাকালেই ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের ওপর চাপ, শক্তি প্রদর্শন বা সামরিক হুমকি কোনোভাবেই কার্যকর ফল আনবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় উলিয়ানভ দাবি করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও চাপের মাধ্যমে আলোচনায় প্রভাব বিস্তার করতে চায়, তবে ইরানের ক্ষেত্রে এই কৌশল ব্যর্থ।
তিনি আরও বলেন, বর্তমান অচলাবস্থা কাটাতে ওয়াশিংটনের উচিত ‘ব্ল্যাকমেইল’ বা ‘আলটিমেটাম’ধর্মী অবস্থান থেকে সরে আসা।
এর আগে রোববার ওমান সফর শেষে পাকিস্তানে যান আরাঘচি। সেখানে উচ্চপর্যায়ের বৈঠক শেষ করে তিনি রাশিয়ায় পৌঁছান। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার সমর্থন ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করছে।