গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমুদ্রপথে যাত্রা করছে আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। এই অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার। তিনি পরিচালনা করছেন শরণার্থী সহায়তা সংস্থা রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস (আরবিবি), যা গাজা ও গ্রিসে কার্যক্রম চালাচ্ছে।
বুধবার (১ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে রুহি জানান, তিনি বর্তমানে বহরের অন্যান্য নৌযানের ঠিক পেছনে থাকা ‘সামারটাইম জং’ নামের জাহাজে অবস্থান করছেন। তার ভাষায়—
“আমরা চরম অনিশ্চয়তার মধ্যেও দৃঢ়প্রতিজ্ঞা ও আশার আলো নিয়ে এগিয়ে যাচ্ছি। এই নৌবহর মানবিক সহায়তা পৌঁছে দিতে ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজায় পৌঁছানোর সর্বশেষ চেষ্টা করছে।”
রুহি লোরেন এর মানবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। বাস্তুচ্যুত মানুষের পাশে থাকার অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাজ্যের নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডস থেকে ‘পার্সন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, প্রায় ৪৪ দেশের ৫০০ মানবাধিকারকর্মী, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও রাজনীতিক নিয়ে গঠিত এই ফ্লোটিলা গাজার জন্য একটি বৈশ্বিক মানবিক উদ্যোগ। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা।