এক যৌথ বিবৃতিতে চার দেশ জানায়, এই লক্ষ্য অর্জনে তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
বিবৃতিতে হরমুজ প্রণালির বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়। এতে বলা হয়, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দ্রুত এবং কোনো ধরনের শর্ত ছাড়াই খুলে দিতে হবে, যাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে।
একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইউরোপের চার দেশ।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সমঝোতাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এটি তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি এবং ভবিষ্যৎ আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ কাঠামো তৈরি করেছে।
গুতেরেস দুই দেশকে এই অগ্রগতির জন্য অভিনন্দন জানিয়ে দ্রুত ও পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান।
অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, এই সমঝোতা দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ফল। তিনি জোর দিয়ে বলেন, চুক্তির সব শর্ত দ্রুত বাস্তবায়ন করা জরুরি এবং হরমুজ প্রণালি কোনো শর্ত ছাড়াই খুলে দিতে হবে।