বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের পরিবেশ, আবাসন ও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে ‘জাতীয় সবুজ মিশন’ চালুর ঘোষণা দিয়েছেন। এর আওতায় ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও বিকেন্দ্রীকৃত নগর উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ‘জাতীয় সবুজ মিশন’ চালুর ঘোষণা দিয়েছেন। রোববার (৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
তারেক রহমান বলেন, “আমরা একটি জাতীয় সবুজ মিশন চালু করব—২৫ কোটি গাছ রোপণ করব, নদী পুনরুদ্ধার করব, বর্জ্যকে সম্পদে রূপান্তর করব, কৃষিকে আধুনিকীকরণ করব এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করব। একইসাথে যুবসমাজের জন্য সুযোগ সৃষ্টিতে সমুদ্র অর্থনীতি সম্প্রসারণ করা হবে।”
তিনি আরও যোগ করেন, “ঢাকা কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করে আধুনিক ও সুপরিকল্পিত শহর গড়ে তোলা হবে, যাতে দেশের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নত হয় এবং প্রত্যেক নাগরিক উপকৃত হয়।”
পোস্টে তারেক রহমান বাসস্থানকে মৌলিক মানবাধিকার হিসেবে বর্ণনা করে বলেন, “প্রতিটি নাগরিকের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত একটি ঘর প্রাপ্য। গ্রাম, শহর, নদী, বন—সবই আমাদের সম্মিলিত আবাসস্থল। ভাঙা পরিবেশে শক্তিশালী ঘর গড়া যায় না, আর টেকসই উন্নয়ন ছাড়া সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়।”
বিশ্ব বাসস্থান দিবস উপলক্ষে বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার কথা স্মরণ করে তিনি বলেন, এই দফাগুলো দেশের পরিবেশ ও আবাসন সমস্যার টেকসই সমাধানের রোডম্যাপ। বিশেষভাবে তিনি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা (দফা ২৯) এবং পরিকল্পিত নগরায়ন ও বিকেন্দ্রীকরণ (দফা ৩১) বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারেক রহমান প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার জনগণের আবাসস্থল ও ভবিষ্যৎ রক্ষা করবে। একইসাথে তিনি সবাইকে আহ্বান জানান—একটি সবুজ, সুষম ও টেকসই বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।