ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ বিভেদ ও প্রতিহিংসার নয়, চায় গুণগত ও দায়িত্বশীল রাজনীতি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের অবদান তুলে ধরে তিনি বলেন, বর্তমান তরুণদের সচেতন থেকে নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। একইসঙ্গে তিনি ই-কমার্সসহ উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানান এবং নতুন ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের জনগণ আর বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি চায় না। তারা প্রত্যাশা করে দায়িত্বশীল, উন্নয়নমূলক এবং গুণগত রাজনীতি।” রোববার (৩ আগস্ট) 'জুলাই অভ্যুত্থান'-এর বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত এক ছাত্রসমাবেশে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “গত দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার কর্মী জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এসব দমনপীড়নও তাদের আন্দোলন থেকে সরাতে পারেনি। এখন সময় এসেছে, তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন আবারও ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে না পারে।”
তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট শক্তিগুলো বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে, ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে এবং নির্যাতনের কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছে।”
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আজকের ছাত্র রাজনীতিকে শুধু প্রচলিত ধারার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যার সমাধানে নেতৃত্ব দিতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে যোগ্য নেতৃত্বে।”
তরুণ প্রজন্মের জন্য একগুচ্ছ কর্মপরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, “আজকের বিশ্বে অনলাইনে পণ্য বেচাকেনা একটি বড় ক্ষেত্র। বিএনপি চায়, দেশের পণ্য বিশ্ববাজারে পৌঁছাক ই-কমার্সের মাধ্যমে। আমরা নতুন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করতে চাই।”
তিনি আরও বলেন, “যদিও ৪ কোটির বেশি নতুন ভোটার তৈরি হয়েছে, তবুও ফ্যাসিস্ট গোষ্ঠী তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সামনে জাতীয় নির্বাচনে সেই অধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে।”
বক্তব্যের শেষ দিকে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “তারুণ্যের প্রথম ভোট হোক গণতন্ত্রের প্রতীক ধানের শীষে। নিজেদের ভোটাধিকার ফিরিয়ে আনতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”