বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনসহ ‘জুলাই ঐক্য’র ৯৭টি সংগঠন। রোববার (২৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা দাবি জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে বহিষ্কার ও গ্রেপ্তার করা না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিতে বলা হয়, ফজলুর রহমানের ‘৫ আগস্ট’ প্রসঙ্গের মন্তব্য শহিদদের আত্মত্যাগের প্রতি অবমাননা এবং গণঅভ্যুত্থানের স্পিরিটকে কলঙ্কিত করেছে। তাই অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করানো, সাংগঠনিক পদ থেকে অপসারণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সম্প্রতি একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন— ‘৫ আগস্টের ঘটনাপ্রবাহ ঘটিয়েছে কালো শক্তি। যারা এটি ঘটিয়েছে, তারা নেতা নয়, কেবল অভিনেতা। মানুষ এখন বুঝে গেছে, এরা রাজাকারের বংশধর।’
এই বক্তব্যকেই জুলাই ঐক্য বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ এবং বিএনপির দীর্ঘদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করার শামিল বলে আখ্যায়িত করেছে।
যৌথ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের সময় ফজলুর রহমান নির্বিঘ্নে অবস্থান করেছেন। বিএনপির অসংখ্য নেতা-কর্মী নিপীড়ন-নির্যাতনের মুখে দেশ ছাড়তে বাধ্য হলেও তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। প্রায় দুই হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেই স্বাধীনভাবে কথা বলার পরিবেশকে আবারও মুজিববাদ প্রতিষ্ঠার হাতিয়ার হতে দেওয়া যাবে না বলেও সংগঠনগুলো সতর্ক করে।
এ ছাড়া বিএনপিকে কেবল শোকজ নোটিশে সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়ে সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে—প্রয়োজনে জুলাই ঐক্য ‘চূড়ান্ত বিপ্লবের’ পথে হাঁটবে, যেখানে কোনো আদর্শই তাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে—আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স, জুলাই সাংবাদিক ঐক্য, জাগ্রত জুলাই, বাংলাদেশ কওমি ছাত্র সংগঠন, জুলাই সাংস্কৃতিক সংসদ, Rising Youth Rampura, People's Reform Alliance, একতার বাংলাদেশ, জুলাই বিপ্লবী যুব সংগঠন, ফরিদগঞ্জ লেখক ফোরাম, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, বাংলাদেশ সংস্কার আন্দোলন, Human Rights Student Network, Anti Fascist Coalition, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, বিজয় ইয়ুথ ফাউন্ডেশন, সুন্দর বাংলাদেশ, প্রজন্ম ২৪, মঞ্চ২৪সহ মোট ৯৭টি সংগঠন।