জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সৃষ্টি হওয়া জনসমুদ্র প্রমাণ করে ইসলামি শক্তির ওপর বছরের পর বছর চালানো দমন-পীড়নের বিরুদ্ধে আজকের এই গণবিস্ফোরণ ঘটেছে। তিনি দলের নেতাদের ‘তিলে তিলে হত্যা’ এবং রাজনৈতিক নিপীড়নের অভিযোগও তোলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সোহরাওয়ার্দী উদ্যানে আজ যে জনসমুদ্র তৈরি হয়েছে, তা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ইসলামি শক্তির ওপর দীর্ঘদিনের জুলুম-নিপীড়নের বিরুদ্ধে এক গণবিস্ফোরণ।”
শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এই বক্তব্য দেন।
পরওয়ার বলেন, “দলের নিবন্ধন কেঁড়ে নেওয়া হয়েছে, প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে আটক, রিমান্ড, ক্রসফায়ার ও গুমের শিকার হতে হয়েছে। এমনকি আমাদের মজলুম প্রবীণ নেতাদের কারাগারে বন্দি রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
তিনি দাবি করেন, “বাংলাদেশে সবচেয়ে নিপীড়িত রাজনৈতিক শক্তি হচ্ছে জামায়াতে ইসলামী। এই নিপীড়নের জবাবই আজকের গণসমাবেশ।”
দলটির আমির ডা. শফিকুর রহমানের মানবিক দিক তুলে ধরে পরওয়ার বলেন, “বন্যা দুর্গতদের সাহায্য করতে তিনি নির্দেশ দেন। হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সময় তাদের পাশে থেকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন মানবিক নেতৃত্বের প্রতীক।”
এই সমাবেশে দলটির নেতারা গণতন্ত্র, মানবাধিকার এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান এবং রাজনৈতিক সমতার দাবি তোলেন।