বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেসব মানুষ প্রাণ দিয়েছেন, তারা ভবিষ্যতে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি পাবেন। তিনি গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকারদের স্মরণ করে জানান, মানবাধিকার সংস্থার তথ্যমতে ২০২৩ সাল পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ এই ধরনের ঘটনায় প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।
রোববার (১০ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন ২৪-এর শহীদদের আমরা জাতীয় বীর আখ্যা দেবো। আমি এর সাথে যুক্ত করতে চাই, গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণতন্ত্রের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন তারাও জাতীয় বীর।”
তিনি মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে জানান, ২০২৩ সাল পর্যন্ত ৭ হাজার ১৮৮ জন মানুষ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, যার মধ্যে ৭০৯ জন গুমের শিকার হয়ে এখনও ফিরে আসেননি।
জুলাই অভ্যুত্থানসহ সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা প্রদানের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, “জুলাই শহীদদের সংখ্যা নিয়ে সরকার ও জাতিসংঘের তথ্যে পার্থক্য রয়েছে। এখনো সঠিক তালিকা তৈরি না করাটা বড় ধরনের ব্যর্থতা।”
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, “শুধু রাষ্ট্রকাঠামো সংস্কার করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন, তাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গিরও ইতিবাচক পরিবর্তন আনতে হবে, যাতে সত্যিকারের জনকল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা যায়।”