আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, এবং এটি নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি পক্ষ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
মির্জা ফখরুল জানান, প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন নির্ধারিত সময়েই করার বিষয়ে একমত পোষণ করেছেন এবং দেশবাসীকেও এ বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, "নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে, সেই তারিখেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।"
সম্প্রতি সরকার প্রধানের লন্ডন সফরকালে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এই দাবিকে 'সম্পূর্ণ অমূলক' বলে উড়িয়ে দেন। তিনি বলেন, "প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলার।"
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব এই হামলাকে একটি "গর্হিত কাজ" হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এই হামলার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে বলে তার আশঙ্কা।
বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।