শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার অনুরোধ করেন। পাশাপাশি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের— এই বার্তাও স্মরণ করিয়ে দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের মূল সৌন্দর্য হলো ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। হিন্দু সম্প্রদায়কে তিনি আহ্বান জানান— তারা যেন নিশ্চিন্তে উৎসব উদযাপন করে এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
তারেক রহমান বলেন, “আমাদের রাষ্ট্র ও সংবিধান দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার গ্যারান্টি দেয়। সুতরাং সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে স্মরণ করিয়ে দেন— “যে ব্যক্তি রাষ্ট্রীয় নিরাপত্তাপ্রাপ্ত কোনো অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার হরণ করে, কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়বো।”
তিনি অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা দেখা গেছে। এ ধরনের বিভেদ সৃষ্টির চেষ্টা যাতে আর না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বার্তার শেষে বিএনপির পক্ষ থেকে আবারও দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, “আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”