বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মাসহ দেশের সব নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবে তারা।
রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে কাজ করবে বিএনপি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে বিএনপিকে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এখন সংস্কারের দাবি তুলছে অন্য দলগুলো, অথচ আড়াই বছর আগেই বিএনপি সেই দাবি তুলেছিল। এটি বিএনপির দূরদর্শিতার প্রমাণ, যা ভবিষ্যতেও লক্ষ্য নির্ধারণে প্রতিফলিত হবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা গুম, খুন ও হত্যার রাজনীতি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধার। সেই স্বৈরাচার দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করেছে, যা পুনর্গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ।