ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসন অনেক দেখেছেন, এবার একবার হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ দিন। আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না।”
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, “বাংলাদেশের সংসদ মদকে বৈধ করেছে, অথচ ইসলামে তা হারাম। যারা এই সংসদ সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কেয়ামতের দিনে তাদেরও গুনাহের হিসাব দিতে হবে।” তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেউ যদি খুন, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার করে, তার দায় ভোটারদেরও নিতে হবে। একজন মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো পথ নেই।”
তিনি জানান, ইসলামী আন্দোলন শুধু মুসলমানদের নয়—সব ধর্মের মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও জান-মালের সুরক্ষায় কাজ করে। “কে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ—এখানে কোনো ভেদাভেদ হবে না,” বলেন তিনি।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে ফয়জুল করীম বলেন, “এই দলগুলো বারবার ক্ষমতায় গিয়ে বারবারই ব্যর্থ হয়েছে। বিএনপি দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, আর আওয়ামী লীগ ও জাতীয় পার্টিও জনগণের আস্থা হারিয়েছে।”
তিনি আরও বলেন, “যারা নৌকা নেয়, তারা নৌকা চালাতে জানে না; যারা ধানের শীষ নেয়, তারা ধান কাটতে জানে না; কিন্তু হাতপাখা এমন প্রতীক, যা ধনী-গরিব, নারী-পুরুষ—সবার হাতে মানায়।”
নরসিংদী-২ (পলাশ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন, জেলা সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি ওয়ালি খান, যুব আন্দোলনের সহ-সভাপতি মোবারক হোসাইনসহ স্থানীয় নেতারা।