আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আওয়ামী লীগকে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট।”
আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শুনলাম কাল নাকি আওয়ামী লীগের লকডাউন। কালকে সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ এই বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে। এখন শুধু কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের “আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া” সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গত এক বছরে টাকার বিনিময়ে মামলা তো তুলেই নেওয়া হয়েছে। ফখরুল সাহেবের এই বক্তব্য বিএনপির মামলা বাণিজ্যেরই স্বীকৃতি।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি আর মামলা বাণিজ্য — এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে আর কোনো কাজ লেখা নেই। বিএনপির এক বছরের সফলতা যদি বলেন, একটা চাঁদাবাজি, আরেকটা মামলাবাজি। ভোট চাইতে গেলে মানুষ তাদের ফুল না, জুতা দেবে।”
দেশের রাজনৈতিক বিভাজন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষায় সব দলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সব দল যদি একসঙ্গে হয়ে বাংলাদেশকে রক্ষা না করে, তাহলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে।”
আওয়ামী লীগ ১৩ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও একই দিন বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।