বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, কৃষি, পানি ব্যবস্থাপনা ও রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। রাষ্ট্রদূত গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও কৃষি উন্নয়ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
ড. ইউনূস রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
রাষ্ট্রদূত বোমেল গণতান্ত্রিক উত্তরণের জন্য নেদারল্যান্ডসের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহেই বাংলাদেশে আসছে, যা নেদারল্যান্ডসও সমর্থন করছে।
এছাড়া পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ অতীতে যেভাবে উপকৃত হয়েছে তা তুলে ধরেন ড. ইউনূস। তিনি বলেন, উভয় দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও অনেক কিছু শেখা ও গড়ে তোলার সুযোগ রয়েছে।
রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন, বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ কর্মসূচি নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
রোহিঙ্গা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, বর্তমানে কক্সবাজারে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে এবং অর্থ সংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে। তিনি অতিরিক্ত ডাচ সহায়তার আহ্বান জানান। একইসঙ্গে অবহিত করেন যে, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যা প্রয়োজনীয় অর্থ ও আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বোমেল সংকটটির গুরুত্ব স্বীকার করে বলেন, রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক মহলে আরও মনোযোগের দাবি রাখে। তবে বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি অন্যান্য সংঘাতে মনোযোগ বিভক্ত করছে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।