গুগল ঘোষণা দিয়েছে, তারা অ্যান্ড্রয়েড ও ক্রোমওএস অপারেটিং সিস্টেমকে একীভূত করার পরিকল্পনা করছে। এতে স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহারের অভিজ্ঞতার মধ্যে ব্যবধান কমে আসবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এ বিষয়ে গুগলের শীর্ষ কর্মকর্তা সামীর সামাত জানান, দুই সিস্টেমকে মিলিয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।
গুগল এবার স্মার্টফোন ও ল্যাপটপের জন্য আলাদা অপারেটিং সিস্টেম চালানোর যুগ শেষ করার পথে। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা তাদের দুই প্রধান সিস্টেম—অ্যান্ড্রয়েড ও ক্রোমওএস—একত্রিত করার প্রকল্পে হাত দিয়েছে। বহুদিন ধরেই প্রযুক্তি অঙ্গনে এই বিষয়ে গুঞ্জন চলছিল। এবার সে গুঞ্জনের অবসান ঘটিয়ে স্পষ্টভাবে নিজেদের লক্ষ্য প্রকাশ করল গুগল।
টেকনোলজি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট TechRadar-এ দেওয়া এক সাক্ষাৎকারে গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সামীর সামাত বলেন, “আমরা ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েডকে একত্রিত করে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরির কাজ করছি।” তবে কবে নাগাদ এ পরিকল্পনা বাস্তবে রূপ পাবে, কিংবা কোন কৌশলে তা বাস্তবায়িত হবে—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, গুগলের ক্রোমওএস মূলত ব্যবহৃত হয় ক্রোমবুক, ক্রোমবিট এবং ক্রোমবক্স নামক লাইটওয়েট কম্পিউটার ডিভাইসে। এটি একটি ব্রাউজারভিত্তিক ও ক্লাউডনির্ভর সিস্টেম হলেও, গত কয়েক বছরে এতে অ্যাপ ব্যবহারের সুবিধা যোগ করা হয়েছে।
অন্যদিকে, অ্যান্ড্রয়েড গুগলের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম, যা বিশ্বজুড়ে কোটি কোটি স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহৃত হচ্ছে। সর্বশেষ সংস্করণগুলোয় এতে ডেস্কটপ মোড যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে একটি পিক্সেল ডিভাইস বড় পর্দায় যুক্ত করে ডেস্কটপের অভিজ্ঞতা নেওয়া সম্ভব হয়।
বিশ্লেষকদের মতে, দুটি অপারেটিং সিস্টেমকে একত্র করলে ব্যবহারকারীদের জন্য একটি সহজতর, একীভূত প্রযুক্তি অভিজ্ঞতা তৈরি হবে, যা গুগলকে আরও এক ধাপ এগিয়ে নেবে প্রতিযোগিতার বাজারে।