ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে ছাত্রদল। বৈঠকে ভিসি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ভিসি দাবি করেন, প্রশাসন কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে নির্বাচন পরিচালনা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নানা অভিযোগ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
সাক্ষাতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত-শিবির দ্বারা প্রভাবিত। তারা প্রশ্ন তোলেন, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটের বাইরে শিবিরকর্মীদের উপস্থিতির খবর ভিসি জানতেন কি না। এসময় ভিসির সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের উচ্চস্বরে কথা বলা ও টেবিল চাপড়ে বক্তব্য রাখার ঘটনাও ঘটে।
অভিযোগের জবাবে ভিসি জানান, “গণজমায়েতের খবর আমরা বিকেল ৪টার পর থেকে পেয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের আটটি গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।” তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হয় না। আমরা সকল অংশীজনের মতামতকে সম্মান করি।”
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচন শেষে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খানও নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তবে ভিসি সাংবাদিকদের বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কেবল কার্জন হল কেন্দ্রে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল, যা ঘটার সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।”