সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় অনুশাসন ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার ইসলামিক সেমিনারের সঙ্গে সাংস্কৃতিক পর্ব যুক্ত করে এ অনুষ্ঠান আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় ইসলামিক সোসাইটি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় একাডেমিক ভবনের মিলনায়তনে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রথম পর্বে ছিল হামদ, নাত, গজল ও কবিতা পরিবেশনা এবং তাওহীদ, আকিদা ও ঈমানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
যোহরের নামাজের বিরতির পর শুরু হয় ইসলামিক সেমিনার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আদ দাওয়াহ ইলাল্লাহর পরিচালক ও মাসিক আল ইতিছাম পত্রিকার প্রধান সম্পাদক শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তিনি রিজিক, তাকদিরে বিশ্বাস এবং দৈনন্দিন জীবনে ধৈর্যের গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্যে পরকাল বিশ্বাস, পারস্পরিক সহযোগিতা এবং বিলাসিতা পরিহারের বিষয়টিও গুরুত্ব পায়। একই সঙ্গে তিনি অর্থনৈতিক বাস্তবতা ও সমাজ–রাজনীতির সম্পর্ক নিয়ে আলোকপাত করেন।
কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস জিন্নাহ বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির এমন সমন্বিত আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা।
শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক বই বিতরণ করা হয়।