প্রিয়জনকে অনুভূতি জানাতে ফুলের কথা উঠলেই সবার আগে আসে গোলাপের নাম। শুভেচ্ছা, মুগ্ধতা, অভিমান ভাঙানো কিংবা নিঃশব্দে ভালোবাসা প্রকাশ—সবকিছুরই সহজ বাহন এই ফুল। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত গোলাপ মানুষের আবেগের প্রতীক হয়ে আছে।
৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ দিয়ে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত প্রতিদিনই থাকে আলাদা তাৎপর্য—প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে। যেন পুরো সময়টিই সম্পর্ককে নতুন করে মনে করিয়ে দেওয়ার উপলক্ষ।
একটি গোলাপ অনেক না-বলা কথাও পৌঁছে দিতে পারে। ইতিহাসে জানা যায়, ভিক্টোরিয়ান যুগে মানুষ মনের কথা প্রকাশে গোলাপ বিনিময় করতেন। সেই ঐতিহ্যই আজ রূপ নিয়েছে গোলাপ দিবসের উদযাপনে। যদিও এই দিবসের শুরুর নির্দিষ্ট ইতিহাস স্পষ্ট নয়, তবে এটি যে ভ্যালেন্টাইনস সপ্তাহের সূচনা—সেটি সর্বজনস্বীকৃত।
গোলাপ দেওয়ার আগে রঙের অর্থ জানা জরুরি, কারণ প্রতিটি রঙ আলাদা বার্তা বহন করে—
লাল গোলাপ: গভীর ভালোবাসা ও হৃদয়ের টান
গোলাপি গোলাপ: মুগ্ধতা, কৃতজ্ঞতা ও সম্মান
হলুদ গোলাপ: বন্ধুত্ব ও উষ্ণতা
সাদা গোলাপ: পবিত্রতা ও শান্তি
কমলা গোলাপ: আকর্ষণ ও আবেগ
ল্যাভেন্ডার গোলাপ: প্রথম দেখার মুগ্ধতা
নীল গোলাপ: বিরলতা ও রহস্য
তাই আজ, একটি গোলাপই হতে পারে আপনার অনুভূতির সবচেয়ে সুন্দর ভাষা—যেখানে কথা কম, অনুভূতি বেশি।