গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বস্তিদায়ক রয়েছে এবং সামনে আরও স্থিতিশীল হবে বলে সরকার আশাবাদী। তিনি জানান, ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন হবে, তা অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচনসংক্রান্ত ব্যয় নিয়েও কোনো জটিলতা নেই উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে।
এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং যাতায়াতসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা বাবদ সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে তদারকির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা চালায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।