হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনাটির স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “এই দুর্ঘটনার খবর আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল। আশা করছি সবাই নিরাপদ আছেন।”
তিনি উদ্ধারকর্মীদের প্রশংসা করে আরও বলেন, “ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুততা ও সাহসিকতার সঙ্গে যে ভূমিকা রেখেছে, তা প্রশংসনীয়। তাদের নিষ্ঠা ও পেশাদারিত্ব জনসেবার অনন্য দৃষ্টান্ত।”
তারেক রহমান বলেন, “এ ধরনের দুর্ঘটনার কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। সম্প্রতি দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক, যা জননিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই স্পষ্ট করে।”
তিনি উল্লেখ করেন, “চট্টগ্রাম ইপিজেডের কারখানা এবং মিরপুরের পোশাক কারখানার আগুনও আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। এসব ঘটনায় প্রাণ ও সম্পদের ক্ষয় শুধু দুঃখজনকই নয়, প্রতিরোধমূলক ব্যবস্থার অভাবকেও সামনে আনে।”
উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, কার্গো ভিলেজটিতে বিদেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো, যার একটি বড় অংশ আগুনে পুড়ে যায়।