অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, অতীত সরকারের সময় দেশের বিপুল অর্থ বিদেশে পাচারের বিষয়টি অনুসন্ধান করছে সরকার। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর প্রায় ১৯ লক্ষ কোটি টাকা বিদেশে গিয়েছে, যা তিনটি জাতীয় বাজেটের সমান।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রোববার (১৪ সেপ্টেম্বর) মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত ন্যাশনাল ল ফেস্ট ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে বলেছেন, অতীত সরকারের সময় দেশে যে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, তা উদ্ধারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, “আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, পূর্ববর্তী সরকার প্রতিবছর প্রায় ১৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা তিনটি বাজেটের সমান।”
বার কাউন্সিল পরীক্ষার স্বচ্ছতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
ফেস্টের আয়োজকরা জানান, উৎসবের মূল লক্ষ্য ছিল বিইউপি শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত দক্ষতা বৃদ্ধি, আইনচর্চা, নীতিনির্ধারণ, পাবলিক স্পিকিং ও আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদার করা।
উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী এবং ৫০ জন বিশিষ্ট বিচারক অংশগ্রহণ করেন।