ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তেহরানকে যুদ্ধ অবসানের জন্য প্রস্তাব দেওয়ার সুযোগ করে দিতেই পরিকল্পিত সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতার অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে বুধবারই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প জানান, সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে এবং অবরোধ কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ইরান প্রস্তাব না দেওয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।
তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, বিষয়টি নিয়ে পরে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।
উল্লেখ্য, একই দিনে এর আগে ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে ইরানকে সতর্ক করেছিলেন।
এদিকে ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে একে যুদ্ধের সমতুল্য পদক্ষেপ বলে অভিহিত করেছেন। এর ফলে ইসলামাবাদে নির্ধারিত সম্ভাব্য আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এই অবরোধ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের শামিল এবং কার্যত যুদ্ধ ঘোষণার মতো। তিনি আরও বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় এবং যেকোনো চাপ মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে।