ইসরায়েল ও লেবাননের চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। তবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত বিশেষ রুট অনুসরণ করতে হবে।
এদিকে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইরানকে ধন্যবাদ জানান। ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়, যা ১১ শতাংশের বেশি কমেছে।
এর আগে, ইসরায়েল ও লেবানন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টা থেকে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। লেবাননে হিজবুল্লাহকে ঘিরে ইসরায়েলের সামরিক অভিযান ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক প্রচেষ্টায় জটিলতা তৈরি করেছিল।
গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যার অংশ হিসেবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সম্মতি দেয় তেহরান। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেন, লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত রাখার অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্র ওই চুক্তির শর্ত ভঙ্গ করেছে।
চুক্তির বিভিন্ন দিক নিয়ে দুই দেশের মতপার্থক্যের কারণে এতদিন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির ছিল। বর্তমানে সীমিত আকারে কিছু বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করেছে।
সূত্র: সিএনবিসি