দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে দেশের বহুল আলোচিত রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। ২০০৫ সালে যাত্রা শুরু করা এই অনুষ্ঠান বাংলাদেশে বিনোদন জগতে অসংখ্য তারকার পথচলার সূচনা ঘটিয়েছিল। সাত বছর পর নতুন রূপে পর্দায় আসছে এই প্রতিযোগিতা।
এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে বিচারকের আসনে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর আগে কখনো বিচারকের ভূমিকায় দেখা না গেলেও এবার ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মাধ্যমে তিনি যোগ দিচ্ছেন এই দায়িত্বে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।
বেগুনি শাড়ি, মানানসই গহনা ও হালকা মেকআপে শোভিত কয়েকটি ছবি শেয়ার করে জয়া লিখেছেন—
“লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত। অসাধারণ নারীদের আত্মবিশ্বাসী পদক্ষেপ ও প্রতিভা দেখতে পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আমার লক্ষ্য নতুন প্রতিভাকে অনুপ্রাণিত করা, তাদের বিকাশে সহায়তা করা এবং লাক্সের এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করা। আসুন, আমরা একসাথে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অদম্য ইচ্ছাশক্তিকে উদযাপন করি।”
শোটি ২৯ আগস্ট থেকে রাত ৯টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে। শুধু জয়া আহসানই নয়, এবারের মৌসুমে বিচারকের আসনে আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তরুণ নির্মাতা রায়হান রাফী।
উল্লেখ্য, শুরু থেকেই ‘লাক্স সুপারস্টার’ শুধু প্রতিযোগিতা নয়, বরং একটি গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। অভিনয়, স্টাইলিং, কনটেন্ট নির্মাণসহ নানা বিষয়ে প্রতিযোগীদের প্রশিক্ষণ দিয়ে তাদের প্রস্তুত করা হয় ভবিষ্যতের তারকা হয়ে ওঠার জন্য। এবারের মৌসুমেও অভিজ্ঞ শিল্পী, ইনফ্লুয়েন্সার ও স্টাইল বিশেষজ্ঞরা পুরো জার্নিতে অংশগ্রহণকারীদের পাশে থাকবেন।