বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সিবিআইয়ের ক্লোজার রিপোর্টে সন্তুষ্ট নয় তার পরিবার। তারা জানিয়েছে, শিগগিরই আদালতের দ্বারস্থ হয়ে রিপোর্টটি চ্যালেঞ্জ করবে।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল পুলিশ। কিন্তু পরবর্তীতে জনমত ও পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্তভার যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)-এর হাতে।
সম্প্রতি সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানায়, সুশান্তের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা বা অন্য কোনো অপরাধের প্রমাণ মেলেনি। পাশাপাশি অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে ‘ক্লিন চিট’ দেওয়া হয়।
তবে এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে সুশান্তের পরিবার। তাদের দাবি, তদন্ত এখনো অসম্পূর্ণ এবং সংস্থাটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছে। পরিবারের এক সদস্য বলেন, “যদি সত্যিই তদন্ত নিরপেক্ষ হতো, তাহলে ক্লোজার রিপোর্টের সঙ্গে সব নথি প্রকাশ করা হতো।”
সুশান্তের মৃত্যুর পর থেকেই পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্ররোচনা ও মানসিক নির্যাতনের অভিযোগ করে আসছে। একপর্যায়ে রিয়াকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।
এবার সুশান্তের পরিবার নতুন করে আইনি লড়াইয়ে নামছে। পরিবারের আইনজীবী জানান, তারা সিবিআইয়ের রিপোর্ট আদালতে চ্যালেঞ্জ করবেন এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য নতুন তদন্তের দাবি তুলবেন।