‘গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে পরিচিত ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনও বাকি প্রায় আট মাস, তবুও বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ফিফার তথ্যমতে, ২০২৬ বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট বিক্রি শুরু হতেই ভক্তরা ছুটে এসেছেন অনলাইনে। মাত্র কয়েক সপ্তাহেই বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি টিকিট— যা ফিফার ইতিহাসে অন্যতম দ্রুত বিক্রির রেকর্ড।
প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। আয়োজক উত্তর আমেরিকার তিন দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা থাকলেও ফিফার দাবি— দর্শকদের আগ্রহ অভূতপূর্ব।
প্রথম ধাপে প্রায় ৪৫ লাখ আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকরা টিকিট কিনেছেন। বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকরা এই টিকিট সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে আয়োজক তিন দেশ থেকে। শীর্ষ ১০ দেশের তালিকায় পরের অবস্থানে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনিও বলেন, “জাতীয় দলগুলো যখন যোগ্যতা অর্জনের লড়াই করছে, তখন সমর্থকদের এমন আগ্রহ দেখে আমি রোমাঞ্চিত। ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক এই বিশ্বকাপ সারা বিশ্বের কল্পনা ও উদ্দীপনাকে ছুঁয়ে যাচ্ছে।”
উত্তর আমেরিকার ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। মোট ৭১ লাখ আসনের মধ্যে এখনও প্রায় ৬০ লাখ টিকিট বিক্রি বাকি। দ্বিতীয় ধাপের টিকিট বিক্রির আবেদন শুরু হবে ২৭ অক্টোবর এবং তৃতীয় ধাপ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। তবে ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ৫৬০ থেকে ২,৭৩৫ ডলার পর্যন্ত— যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ব্যয়বহুল টিকিট হিসেবে বিবেচিত।