রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জার্মানি। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন এনমেচা।
তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় কুরাসাও। ২০তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার দুর্দান্ত শটে সমতায় ফেরে দলটি। কিছু সময় প্রতিরোধ গড়লেও পরে আর জার্মানদের আক্রমণের সামনে টিকতে পারেনি তারা।
৩৮তম মিনিটে নিকো শ্লটারবেকের হেডে আবারও এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।
বিরতির পর আরও ভয়ংকর রূপ নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন জামাল মুসিয়ালা। এরপর একে একে নাথানিয়েল ব্রাউন, ডেনিজ উনদাভ এবং হাভার্টজের আরও একটি গোলে বড় জয়ের দিকে এগিয়ে যায় ইউরোপের দলটি।
শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। জোড়া গোল করেন হাভার্টজ, আর বাকি গোলগুলো আসে এনমেচা, শ্লটারবেক, মুসিয়ালা, ব্রাউন ও উনদাভের কাছ থেকে।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে শক্তিশালী বার্তা দিল জার্মানি। অনেকের কাছেই ম্যাচটি মনে করিয়ে দিয়েছে ২০১৪ বিশ্বকাপের সেই ঐতিহাসিক সেমিফাইনালের কথা, যেখানে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানরা।