আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন উদীয়মান স্পিনার নিশিতা আক্তার নিশি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি যে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে, সেখানে নিশির নাম উঠে এসেছে।
নিশি ২০২৩ সালের নভেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৫ বছর বয়সে ওয়ানডে অভিষেক করেন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন বাংলাদেশ দলের অংশ। এখন পর্যন্ত দেশের হয়ে ২টি ওয়ানডে খেলেছেন তিনি। এবারের বিশ্বকাপেই হতে যাচ্ছে তার বড় মঞ্চের অভিষেক।
নিশির বোলিং প্রসঙ্গে আইসিসি জানায়, অফ-স্পিনে তিনি প্রচুর টার্ন করাতে সক্ষম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জাহজারা ক্ল্যাক্সটনকে এক অসাধারণ ডেলিভারিতে আউট করেছিলেন নিশি, যা তাকে আলাদা করে নজরে এনেছে।
বাংলাদেশি স্পিনারের পাশাপাশি আইসিসির উদীয়মান খেলোয়াড়দের তালিকায় রয়েছেন আরও কয়েকজন তরুণী প্রতিভা—অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল, ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি, নিউজিল্যান্ডের ফ্লোরা ডেভনশায়ার, পাকিস্তানের ইমান ফাতিমা, শ্রীলংকার দিউমি বিহাঙ্গা, দক্ষিণ আফ্রিকার অ্যানেরি ডারকসেন এবং ভারতের ক্রান্তি গৌড়।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলংকার মাঠে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ, যেখানে নজর কাড়তে পারেন বাংলাদেশের উদীয়মান এই তারকা।