রোববার (১৫ নভেম্বর) সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার (১৬ নভেম্বর) মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। দেশটিতে যেতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা।
এদিন সংসদে বিদেশে কর্মরত বাংলাদেশিদের নানা সমস্যা ও তাঁদের সুরক্ষায় সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এক সংসদ সদস্য জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থনীতিতে বড় অবদান রাখলেও বিদেশে এসব কর্মীকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
প্রবাসীদের উপার্জিত অর্থ দেশে পাঠানোর পর পারিবারিক জটিলতা ও প্রতারণার শিকার হওয়ার বিষয়টি তুলে ধরেন ওই সংসদ সদস্য। এ ছাড়া বিমানবন্দরে লাগেজ কাটা, হয়রানি, দালাল চক্রের হাতে জিম্মি হওয়া, নির্যাতন এবং প্রবাসীদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উল্লেখ করেন তিনি। বিদেশে অসুস্থ বা বিপদগ্রস্ত হলে বাংলাদেশি দূতাবাস থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার বিষয়টিও সংসদে তুলে ধরা হয়।
জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের সহায়তায় প্রতিটি বাংলাদেশ মিশনে আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে। এসব ডেস্কে কোনো সমস্যার তথ্য এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রবাসীরা ইমেইলের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যার কথা জানাতে পারেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত সাড়া দেওয়া ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীর পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় তথ্য জানানো হয়।
মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁদের চিকিৎসাসেবা ও ব্যয়ের বিষয়ে সহযোগিতার পাশাপাশি শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের নিয়মিত জানানো হয়েছে।
বিদেশে কর্মরত কোনো বাংলাদেশি সমস্যায় পড়েছেন বলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সংসদকে জানান মন্ত্রী।