রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও সংসদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন উল্লেখযোগ্য।
শপথ শেষে দুই সংসদ সদস্য নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টির মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছিল।
অন্যদিকে, ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়ে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তারেক রহমান। পরে গত ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ী এই দুই প্রার্থীর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন শনিবার।
এর আগে ১৭ ফেব্রুয়ারি ২৯৭ জন সংসদ সদস্য শপথ নেন। তখন স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান।
সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের নির্দেশনার কারণে এখনো ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তির পর সেই ফল প্রকাশ করা হবে।