পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
গতকাল মঙ্গলবার দুদকের আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক রাসেল রনি আদালতে করা আবেদনে উল্লেখ করেন, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপ্লব কুমার সরকার এবং তার স্বজনরা বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে অর্জন করেছেন এবং সেই অর্থের উৎস গোপনে নানা নামে পরিচালিত বিভিন্ন হিসাবের মাধ্যমে লেনদেন করেছেন।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, তাদের নামে ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ২১ ব্যাংকে ৩২৫টি হিসাব, দুটি আর্থিক প্রতিষ্ঠানে ৩টি হিসাব এবং ৭টি ব্রোকারেজ হাউসের ১৩টি হিসাব পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে প্রায় ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়।
আবেদনে আরও বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অভিযোগের অনুসন্ধান চলমান। এর মধ্যে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে—বিপ্লব কুমার সরকার ও তার সহ-অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত ও প্রমাণ সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন বলে আদালতে দুদক উল্লেখ করে।
এমন পরিস্থিতিতে আদালত চারজনের দেশত্যাগ নিষেধাজ্ঞা জারি করে পরবর্তী তদন্তকে নির্বিঘ্ন করতে নির্দেশ দেন।