বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে মহানগর বিএনপির ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শহরে এ মিছিল বের করা হয়। অংশগ্রহণকারীরা এ কে আজাদ ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে মহিম স্কুলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুবদল নেতা রেজাউল বিশ্বাস তরুণ, মিজানুর রহমান মিনালসহ দলীয় নেতারা।
বক্তারা বলেন, নায়াব ইউসুফের বিরুদ্ধে এ কে আজাদের মিথ্যা বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তারা প্রশাসনের প্রতি আজাদসহ সংশ্লিষ্ট আওয়ামী নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এবং আগামী ১ নভেম্বর ফ্যাসিবাদবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত রবিবার ফরিদপুর সদরের পরমানন্দপুর বাজারে গণসংযোগ চলাকালে বিএনপি ও আওয়ামী লীগপন্থী দুপক্ষের মুখোমুখি অবস্থান থেকে উত্তেজনা সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মীরা এ কে আজাদকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এ কে আজাদ গণমাধ্যমে চৌধুরী নায়াব ইউসুফ ও বিএনপির কর্মীদের হামলার জন্য দায়ী করেন। এই অভিযোগ ঘিরে ফরিদপুরে টানটান রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে।
এর পর থেকেই বিএনপি ও যুবদল আজাদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল, বিক্ষোভ এবং সংবাদ সম্মেলনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করছে। বুধবার স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক কর্মসূচিতে ছাত্র ও জনতা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় তাকে গ্রেপ্তারের জন্য।