শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন সালমান।
এর আগে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এলাকায় একদল সশস্ত্র ব্যক্তির হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের অভিযোগ ওঠে। ওই ঘটনায় হাউজিং সোসাইটির অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুটের অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় সালমানের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। সেখানে থাকা কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সালমান বলেন, চট্টগ্রাম থেকে ফিরে তিনি ঘটনাটি জানতে পারেন। বাংলাদেশে বিভিন্ন ঘটনার সঙ্গে রাজনীতির যোগ থাকে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লে তার কর্মী, সদস্য ও অংশীদাররাও ভেঙে পড়বেন। তাই তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন।
স্টুডিওর ক্ষয়ক্ষতি নিয়ে সালমান বলেন, সেখানে ৩০ থেকে ৪০ জন ক্লায়েন্টের কাজের বিভিন্ন সরঞ্জাম ও ফুটেজ ছিল। শুটিংয়ের কাজে ব্যবহৃত এসব জিনিস নষ্ট বা নিয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে আইনজীবীর সঙ্গে কথা না বলে এখনই ক্ষতির পরিমাণ জানাতে চান না তিনি।
হামলার পরও কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে সালমান বলেন, কোনোভাবেই তিনি থামবেন না। আগের মতো সুযোগ-সুবিধা না থাকলেও সৃজনশীল কাজ চালিয়ে যাবেন এবং ক্লায়েন্টদের সঙ্গে কাজ করবেন। প্রয়োজনে দেশের বাইরে থেকেও কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সালমান বলেন, এর দায় শুধু রাষ্ট্র বা কোনো একটি পক্ষের নয়; রাজনৈতিক দল ও সাধারণ মানুষেরও দায় রয়েছে। নিজের ব্যর্থতার কথাও স্বীকার করে তিনি বলেন, নিজের ভুল স্বীকার করার সাহস থাকলে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদেরও নিজেদের ব্যর্থতা ও অযোগ্যতা স্বীকার করা উচিত।