এবারের মেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি স্টল রয়েছে, মোট ইউনিট সংখ্যা ১,১৮০। লিটল ম্যাগাজিন চত্বর, শিশু চত্বর ও অন্যান্য নির্দিষ্ট স্থানে বিশেষ স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
মেলার প্রবেশ ও বাহিরপথ, খাবারের স্টল, নামাজের স্থান, ওয়াশরুমসহ সকল সেবা সুবিন্যস্ত রাখা হয়েছে। শিশু-কিশোরদের জন্য ‘শিশুপ্রহর’ কার্যক্রম, চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন থাকবে।
প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মূল মঞ্চে সেমিনার এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি ও অন্যান্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।
নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, আনসার ও অন্যান্য সংস্থা মোতায়েন থাকবে। মেলার চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
মেলা ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ (ছুটির দিন ব্যতীত) বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিনে সময় ১১টা থেকে রাত ৯টা। আয়োজকরা এবারের মেলাকে পরিবেশ-সচেতন ও ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে আয়োজন করতে চাইছেন।