রাষ্ট্রপতির সফর উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সভায় জানানো হয়, রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেটে পৌঁছে দুটি মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
সফরকে কেন্দ্র করে নগর ও সরকারি দপ্তরগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থাকা, কার্যালয় ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
এ ছাড়া নগরের সড়ক চলাচলের উপযোগী রাখা, অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং রাস্তার পাশের অবৈধ স্থাপনা সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় রাস্তার পাশে থাকা সিএনজি অটোরিকশা স্টেশনগুলো লালদিঘীর পাড় এলাকায় স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পুরো সিলেটজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।