শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দমন-পীড়নের পরিবেশে স্বাধীনভাবে এ দিবস পালন করতে পারেনি। তবে বর্তমান পরিস্থিতিতে তুলনামূলকভাবে উন্মুক্ত পরিবেশে নেতাকে স্মরণ করার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি আধুনিক, কার্যকর ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনের যে ধারণা দিয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোকে যুগোপযোগী করার যে প্রয়াস তিনি নিয়েছিলেন, তা বাংলাদেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুলের ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশে যে সংস্কার কার্যক্রম চলছে, তার অনেক দিকই জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, বিএনপি ভবিষ্যতেও সেই আদর্শ অনুসরণ করে জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারেক রহমানও জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা অনুসরণ করেই দলকে এগিয়ে নিচ্ছেন।
এদিকে, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।