শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এর আগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঝাড়ু হাতে মিছিলটি আশুগঞ্জের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরী।
সভাপতির বক্তব্যে শাহজাহান সিরাজ রুমিন ফারহানার সংসদীয় বক্তব্যের সমালোচনা করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তিনি রুমিন ফারহানাকে আওয়ামী লীগের ‘প্রোডাক্ট’ ও ‘র’-এর দালাল বলে মন্তব্য করেন।
শাহজাহান সিরাজ বলেন, সরকারের ছয় মাস না যেতেই গ্যাস-বিদ্যুৎ সংকটের কথা তুলে সংসদে রুমিন ফারহানা অসংসদীয় ভাষায় বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য তারা প্রত্যাখ্যান করছেন। এ কারণেই আশুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন রুমিন ফারহানা। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস, বিদ্যুৎ ও সার সংকটের পাশাপাশি দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যা থাকবে না—এমন নিশ্চয়তা নেই বলেও তিনি মন্তব্য করেন।
রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদেই শনিবার আশুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।
ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নেত্রী ছিলেন। একাদশ জাতীয় সংসদে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন তিনি।