বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। সরকারদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের পক্ষে কথা বলার জন্য দেওয়া চারটি নোটিশ আলোচনায় আনা হয়নি।
ডা. শফিকুর রহমান বলেন, আপাতত তারা সংসদের চলমান আলোচনায় আর অংশ নেবেন না। জনস্বার্থ ও জনদুর্ভোগ নিরসনে দেওয়া নোটিশগুলো আলোচনার সুযোগ পেলে তারা আবার সংসদে ফিরবেন।
বিরোধীদলীয় নেতার অভিযোগ, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, লোডশেডিং, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব বিষয়ে আলোচনার জন্য বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের অনুরোধ করা হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি লাখ লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংসদে সরকারের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতিরও মিল নেই বলে দাবি করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম ও পুলিশ সংস্কার এবং নির্বাচন কমিশনসংক্রান্ত বিভিন্ন বিষয়েও তিনি উদ্বেগ জানান।
এ ছাড়া বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের জন্য নির্ধারিত দিন হলেও সরকারি বিল উত্থাপনের বিষয়েও আপত্তি জানান বিরোধীদলীয় নেতা। এভাবে সংসদ পরিচালনার প্রক্রিয়ার অংশ হতে তারা চান না বলেও জানান তিনি।