আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যাবে। বর্তমানে মৌসুমী বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে দেশে বৃষ্টিপাতের মাত্রা বেড়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর)ও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
শনিবারের (১৩ সেপ্টেম্বর) পূর্বাভাস:
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববারের (১৪ সেপ্টেম্বর) পূর্বাভাস:
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবারের (১৫ সেপ্টেম্বর) পূর্বাভাস:
দেশের আটটি বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।