জনস্বার্থে জারি করা এ আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকার পুলিশ স্টাফ কলেজে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমানকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হককে বদলি করে হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন এপিবিএনে কর্মরত তানিয়া ইসলাম।
চট্টগ্রামের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।