বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় জাতিসংঘের ওয়েবটিভিতে।
জাতিসংঘের কার্যক্রম আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে গৃহীত “সাধারণ পরিষদের কার্যক্রম পুনরুজ্জীবন” শীর্ষক প্রস্তাব অনুযায়ী সভাপতির প্রার্থীদের নিজেদের ভিশন তুলে ধরা এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়ার লক্ষ্য নির্বাচনকে আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করা।
সংলাপে বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের পাশাপাশি নাগরিক সমাজের সংগঠন ও ব্যক্তিরাও যুক্ত হন। কেউ সরাসরি উপস্থিত থেকে, আবার কেউ ভিডিও বার্তার মাধ্যমে প্রশ্ন ও মতামত জানান।
এশিয়া–প্যাসিফিক গ্রুপের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা খলিলুর রহমান জাতিসংঘে তিন দশকের বেশি সময় কাজ করেছেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় এবং জেনেভাভিত্তিক আঙ্কটাডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন।
তার উপস্থাপিত ভিশনে তিনি জোর দেন সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং এমন একটি বহুপাক্ষিক কাঠামো গড়ে তোলার ওপর, যা বাস্তব সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুসারে এবার সভাপতি পদটি এশিয়া–প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত। ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করায় এখন এই পদে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সাইপ্রাস ও বাংলাদেশের প্রার্থী।