রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার নিবন্ধনের জন্য গেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “ঢাকা থেকেই নির্বাচন করবো—এটা প্রায় নিশ্চিত। তাই ভোটার তালিকায় নাম এখানে স্থানান্তর করেছি, যেন নিজের ভোটটিও সঠিকভাবে কাজে লাগে।”
কোন আসন থেকে প্রার্থী হবেন, এ প্রশ্নে আসিফ বলেন, “এখনও নির্দিষ্ট আসন ঠিক করিনি। তবে নিশ্চিতভাবে বলা যায়, প্রার্থী হবো ঢাকাতেই।”
রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা বা জোটে যাওয়ার প্রশ্নে তিনি স্পষ্ট জানান, “এখন পর্যন্ত কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কে কোন আসন ছাড়বে বা রাখবে, সেটা আমার দেখার বিষয় নয়। আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”
পদত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, “পরিষদ থেকে কবে পদত্যাগ করবো, তা যথাসময়ে জানানো হবে।”
জুলাই সনদ ইস্যু নিয়ে তিনি আরও বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিচার, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর এগিয়ে নিচ্ছে। চলতি মাসেই বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, আর সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।”