শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং তরুণদের উৎসবের অংশ হিসেবে মাওয়া প্রান্তে জুলাই বিপ্লব ও জাজিরা প্রান্তে জুলাই আত্মত্যাগের গ্রাফিতি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, "জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল আন্দোলন নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। পদ্মা সেতুতে জুলাই গ্রাফিতি কেবল উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা। ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে কিভাবে তরুণ সমাজ স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছে।"
উপদেষ্টা আরও বলেন, "এই আন্দোলন জাতিকে নতুন দিশা দেখিয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে।"
ভবিষ্যতে গ্রাফিতি মুছে ফেলার সম্ভাবনা নিয়ে তিনি জানান, "যারা এই গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনোদিন ফিরে আসবে না। যদি কেউ ভিন্নভাবে ধারণা করে, সেটা সম্পূর্ণ ভুল। এ ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।"
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।